উবার ও ডেলিভারি হিরোর ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জার্মানিভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ রাইডশেয়ারিং ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রায় ১ হাজার ৪৮০ কোটি ডলারের চুক্তির মাধ্যমে এ অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সরবরাহকারী গ্রুপ তৈরি হতে যাচ্ছে। মূলত মার্কিন ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতেই উবার এ বড় পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স।

উবারের এ অধিগ্রহণের ফলে তাদের খাবার সরবরাহের নেটওয়ার্ক ৫০টি দেশ থেকে বেড়ে মোট ৯৯টি দেশে বিস্তৃত হবে। ২০২৫ সালের ব্যবসায়িক তথ্যানুযায়ী, এ দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) দাঁড়াবে ২৩ হাজার ৬০০ কোটি ডলারে। চুক্তিটি আন্তর্জাতিক ফুড ডেলিভারি বাজারের চিত্র পুরোপুরি বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এ চুক্তির মাধ্যমে বিশ্ববাজারে উবারের রাইডশেয়ারিং ও ফুড ডেলিভারি সেবার পরিধি দ্বিগুণ হবে। এতে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলোয় কয়েক লাখ গ্রাহকের কাছে নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।’

চুক্তির শর্ত অনুযায়ী, উবার ডেলিভারি হিরোর শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারের জন্য ৪১ ইউরো ৫০ সেন্ট নগদ দেবে। এ দর ডেলিভারি হিরোর আগের গড় শেয়ারমূল্যের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বেশি। বার্লিনভিত্তিক ডেলিভারি হিরোর পরিচালনা পর্ষদ এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে শেয়ারহোল্ডারদের এটি গ্রহণের পরামর্শ দিয়েছে। উবার আগে থেকেই ডেলিভারি হিরোর প্রধান শেয়ারহোল্ডার ছিল। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য উবারকে অন্তত ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিকানা নিশ্চিত করতে হবে।

আগামী বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই- ডিসেম্বর) এ চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের আগে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির মুখে পড়তে পারে। ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে দুই প্রতিষ্ঠানেরই বড় ধরনের ব্যবসায়িক উপস্থিতি রয়েছে। তাই একচেটিয়া ব্যবসা রোধে নিয়ন্ত্রক সংস্থাগুলো এটি গভীরভাবে খতিয়ে দেখবে।

নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ কমাতে উদ্যোগ নিয়েছে ডেলিভারি হিরো। সংস্থাটি এরই মধ্যে ১৪টি দেশের ব্যবসা নিউইয়র্কভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসএসডব্লিউ পার্টনারসের কাছে ১৪০ কোটি ইউরোয় বিক্রির চুক্তি করেছে। উবার এ ১৪টি বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে না।

করোনা মহামারীর পর বিশ্বজুড়ে অর্ডার কমে যাওয়ায় লোকসান এড়াতে এ খাতের প্রতিষ্ঠানগুলো এখন একীভূত হওয়ার পথ বেছে নিচ্ছে। এ চুক্তির অংশ হিসেবে উবার ২০৩১ সালের মধ্যে জার্মানিতে ২০০ কোটি ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং ২০২৯ সাল পর্যন্ত বার্লিনে ডেলিভারি হিরোর প্রধান কার্যালয় ও কর্মীদের চাকরি বহাল রাখার আশ্বাস দিয়েছে।

আরও