যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি

নতুন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যেখানে দুই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কমানো হয়েছে।

নতুন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যেখানে দুই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কমানো হয়েছে। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ চুক্তিতে সই করেন। তবে যুক্তরাজ্য থেকে রফতানীকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম নিয়ে চূড়ান্ত কোনো নিষ্পত্তি হয়নি। খবর বিবিসি।

চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য থেকে উড়োজাহাজ ও এর যন্ত্রাংশসহ অ্যারোস্পেস পণ্যে শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ব্রিটিশ গাড়ি নির্মাতারা প্রতি বছর এক লাখ গাড়ি ১০ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রে রফতানির সুযোগ পাবে, যেখানে অন্য দেশগুলোকে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়।

যুক্তরাজ্য থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির জন্য এখনো নির্দিষ্ট কোনো কোটা ঠিক করেনি যুক্তরাষ্ট্র। এ দুই পণ্যে শুল্ক ছাড় পেতে হলে যুক্তরাজ্যকে উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত কোটা নির্ধারণ করবেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। যদিও যুক্তরাজ্য এ শুল্ক থেকে আপাতত ছাড় পেয়েছে, তবে নতুন চুক্তি না হলে ৯ জুলাই থেকে দেশটি উচ্চ শুল্কের আওতায় পড়ত।

শুরুতে ভুল করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নিজেই সংশোধন করে বলেন, এটি যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি। তিনি বলেন, ‘আমরা স্বাক্ষর করেছি, কাজ শেষ।’

ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এ চুক্তিকে অ্যারোস্পেস ও গাড়ি শিল্পের জন্য ‘বড় সফলতা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পরস্পর থেকে ১৩ হাজার টন গরুর মাংস আমদানিতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে আসা মাংসকে অবশ্যই যুক্তরাজ্যের খাদ্যনিরাপত্তা মানদণ্ড মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, ‘ওষুধ খাতে যুক্তরাজ্য যেন বিশেষ সুবিধা পায় সে নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো নতুন শুল্ক এলে তা থেকেও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

হোয়াইট হাউজ জানিয়েছে, চুক্তির আওতায় যেসব শুল্ক হ্রাস করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সাতদিনের মধ্যে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ ধরনের চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাজ্যই প্রথম দেশ।

আরও