বিএসইসির কমিশন সভা

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৪তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় আকিজ ফুডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডের ট্রাস্টি ও ফান্ড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে কাজ করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বাংলাদেশ) লিমিটেড।

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০০৬ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। আকিজ ফুডের ফ্যাক্টরিতে ফ্রুট ড্রিংকস যেমন ফ্রুটিকা, আফি ম্যাংগো ড্রিংকস, আকিজ ম্যাংগো ড্রিংকসহ যাবতীয় অন্যান্য কার্বোনেটেড বেভারেজ যেমন মোজো, ক্লেমন, স্পিড, টুইং, লেমু, ওয়াইল্ড ব্রু, হিউসটন, ক্লিয়ার আপ, আফি অরেঞ্জ ও দুগ্ধজাতীয় পণ্য যেমন ফার্ম ফ্রেশ পাস্তুরিত, ইউএইচটি ও পাউডার মিল্ক, ফার্ম ফ্রেশ ঘি, ফার্ম ফ্রেশ বাটার, ফার্ম ফ্রেশ ফ্লেভার্ড মিল্ক, ইয়ামি লাচ্ছি, ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা, রিভেরা, চিপস ব্র্যান্ড চিজ পাফস ও পটেটো আর স্নাকস ব্র্যান্ড আকিজ চানাচুর ও আফি চানাচুর উৎপাদন হয়।

প্রতিষ্ঠানটি বিশ্বের ৪৭টিরও বেশি দেশে পণ্য রফতানি করে। উচ্চমান নিশ্চিত করা, উদ্ভাবনী সমাধান প্রদান, শক্তিশালী সাপ্লাই চেইন বজায় রাখা, স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়া এবং ভোক্তাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া—এসবের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে।

বাংলাদেশের বেভারেজ সেক্টরে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এএফবিএল টেকসই উৎপাদন প্রক্রিয়ায় অবদানের জন্য প্রতিষ্ঠানটি ‘‌গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

আরও