ভারতে চালের রফতানি মূল্য কিছুটা বেড়েছে

ভারতে চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে দুই বছরের সর্বনিম্ন পর্যায় থেকে কিছুটা বেড়েছে।

ভারতে চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে দুই বছরের সর্বনিম্ন পর্যায় থেকে কিছুটা বেড়েছে। মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম ভূমিকা রেখেছে চাহিদা পুনরুদ্ধারের ইঙ্গিত। তবে থাইল্যান্ড ও ভিয়েতনামে বেচাকেনার নিম্নমুখিতা ও অতিরিক্ত সরবরাহের কারণে অঞ্চলগুলোয় দাম এখনো কম। খবর বিজনেস রেকর্ডার।

ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৩৮০-৩৮৬ ডলার, আগের সপ্তাহে যা ছিল ৩৭৮-৩৮৪ ডলার। এছাড়া চলতি সপ্তাহে প্রতি টন সাদা চাল ৩৭৩-৩৭৭ ডলারে বেচাকেনা হয়েছে।

ভারতের অন্যতম প্রধান রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বলাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, ‘রুপির বিনিময় হার কমে যাওয়া রফতানিকারকদের কিছুটা সহায়তা করছে। এছাড়া আগের তুলনায় চাহিদাও কিছুটা বেড়েছে।’

এদিকে চলতি বছরের ১ জুন পর্যন্ত ভারতে চালের (ধানসহ) মোট মজুদ ছিল রেকর্ড ৫ কোটি ৯৫ লাখ টন, যা ১ জুলাইয়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ১ কোটি ৩৫ লাখ টনের তুলনায় অনেক বেশি।

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চালের মূল্য ছিল টনপ্রতি ৩৮৭ ডলার, যা গত সপ্তাহের ৩৮৮ ডলারের তুলনায় কিছুটা কম। এ বিষয়ে হো চি মিন শহরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘বাণিজ্য কার্যক্রম খুবই দুর্বল। তবে কর্তৃপক্ষ চীনে চাল রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।’

তিনি জানান, গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ভিয়েতনামের ২০ জন চাল প্রক্রিয়াকরণকারী ও রফতানিকারকের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংডং প্রদেশে ক্রেতা খুঁজতে গিয়েছিল।

থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহের টনপ্রতি ৩৯৮ ডলার থেকে কমে ৩৯৭ ডলারে নেমেছে। দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বাথের বিনিময় হার বৃদ্ধি ও নিম্নমুখী চাহিদা। এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘আমি কৃষকদের নিয়ে খুবই চিন্তিত। প্রচুর সরবরাহের পাশাপাশি নতুন ফসলের ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরও