মোংলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে ২ বিদেশী জাহাজ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসঙ্গে দুই জাহাজ।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসঙ্গে দুই জাহাজ। এর মধ্যে এমভি মিলেনা গতকাল বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এমভি আন্কা স্কাই বেলা ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

এ জাহাজ দুটি থেকে বেলা ২টায় একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাস করা পণ্য সড়কপথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিদেশী জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের ১ হাজার ৫১৯ টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মিলেনা। জাহাজটি গতকাল বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে।

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১ হাজার ৪৫৩ টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ এমভি আন্কা স্কাই। আন্কা স্কাই গতকাল বেলা ১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

রূপপুরের পণ্য নিয়ে আসা এ জাহাজ দুটি থেকে বেলা ২টায় একসঙ্গেই পণ্য খালাসের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিনিধি সাধন কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটিতে নামিয়ে রাখা হচ্ছে। পরে এসব পণ্য সড়কপথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।’

এর আগে ৩ অক্টোবর এমভি ইয়ামাল অরলান, ১৬ সেপ্টেম্বর এমভি স্যাপোডিলা রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে।

আরও