২০২৫-২৬ অর্থবছর

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

লালমনিরহাটে ২০২৫-২৬ অর্থবছরে মোট ভুট্টা উৎপাদন হয়েছে ৪ লাখ ১২ হাজার টন।

এর আগের অর্থবছরে (২০২৪-২৫) মোট উৎপাদন ছিল ৪ লাখ ১ হাজার ৯১৪ টন। ফলে এক বছরের ব্যবধানে জেলায় ভুট্টা উৎপাদন বেড়েছে ১০ হাজার ৮৬ টন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় রবি মৌসুম ও খরিপ-১ মৌসুমে লালমনিরহাট সদর উপজেলায় ৩ হাজার ৮৮৫ হেক্টর, ২ হাজার ৭৫০, ৩ হাজার ৩৩৫, ১৩ হাজার ৬৯০ ও ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। প্রতি হেক্টর জমিতে ১১ দশমিক ৫০ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ দশমিক ৯৯ টন ভুট্টা উৎপাদন হয়েছে।

অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রবি মৌসুম, ১৬ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত খরিপ-১ মৌসুম এবং ১৬ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত খরিপ-২ মৌসুম। তিন মৌসুমের মধ্যে খরিপ-১ ও রবি মৌসুমে কেবল ভুট্টা চাষ হয়।

লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বণিক বার্তাকে বলেন, ‘লালমনিরহাট সদর উপজেলায় ভুট্টার পরিবর্তে কৃষকরা আলু চাষ করে বেশি। এজন্য ভুট্টা চাষ কম হয়। কিন্তু আমরা চাষীদের ভুট্টা চাষে আগ্রহী করেছি। এতে পণ্যটির উৎপাদন বাড়লে বিদেশ থেকে আমদানি কমবে।’

তবে চলতি মৌসুমে ভালো ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাননি বলে অভিযোগ কৃষকদের। হাতীবান্ধার পারুলিয়া এলাকার ভুট্টা চাষী আশরাফুল আলম জানান, তিনি এবার ১ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেন। প্রায় ২৭৭ মণ ভুট্টা উৎপাদন হলেও অন্য বছরের তুলনায় এ বছর ভালো দাম পাওয়া যায়নি। প্রতি মণ ভুট্টা ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। এতে লাভ কম হয়েছে।

সরকার ভুট্টা চাষের দিকে একটু নজর রাখলে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি দেশে উৎপাদনও বাড়বে বলে জানান তিনি।

পাটগ্রাম উপজেলার ভুট্টা চাষী আব্দুর রাজ্জাক বণিক বার্তাকে বলেন, ‘ভুট্টা চাষের জন্য পাটগ্রাম উপজেলার জমি অত্যন্ত উর্বর। প্রতি হেক্টর জমিতে ২৭৫-২৮০ মণ ভুট্টা উৎপাদন হয়। প্রতি মণ ভুট্টার দাম প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। কিন্তু এ বছর ভুট্টা থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত পেয়েছেন চাষীরা।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরিফিন বণিক বার্তাকে বলেন, ‘দেশে ভুট্টা ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠান বাড়ার পাশাপাশি চাহিদাও বেড়েছে। ফলে সারা দেশে মোট উৎপাদিত ১৪-১৫ লাখ টন ভুট্টার মধ্যে লালমনিরহাট জেলা থেকে প্রতি বছর চার থেকে সাড়ে চার লাখ টন ভুট্টা জোগান দিচ্ছেন চাষীরা।’

আরও