২০২৫ পঞ্জিকাবর্ষের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ওমানের অর্থনীতি ২ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। মূলত জ্বালানি তেল-বহির্ভূত খাতের স্থিতিশীল প্রবৃদ্ধির ওপর ভর করে দেশটির অর্থনীতিতে এ সম্প্রসারণ হয়েছে। এ সময় আমানতের তুলনায় ব্যাংক ঋণের প্রবাহ দ্রুত বেড়েছে। খবর আরব নিউজ।
ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে স্থির মূল্যে দেশটির মোট জিডিপি দাঁড়িয়েছে ৯৯১ কোটি ওমানি রিয়ালে (২ হাজার ৬০০ কোটি ডলার), যা আগের বছরের একই সময় ছিল ৯৭১ কোটি রিয়াল। ওমান নিউজ এজেন্সির (ওএনএ) প্রতিবেদন অনুসারে, এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল জ্বালানি তেল-বহির্ভূত খাত। এ খাতে মূল্য সংযোজন ২ শতাংশ বেড়ে ৭৩০ কোটি রিয়াল ছাড়িয়েছে।
এনসিএসআইয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটির নির্মাণ খাতে ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাত থেকে মোট আয় হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ রিয়াল। পাইকারি ও খুচরা বাণিজ্যও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৩ কোটি রিয়ালে পৌঁছেছে। এছাড়া সরকারি প্রশাসন ও প্রতিরক্ষা খাতে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। এ খাত থেকে আয় দাঁড়িয়েছে ৯৩ কোটি ২৫ লাখ রিয়ালে।
অন্যদিকে জ্বালানি তেল খাতের কার্যক্রম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রায় ৩০৭ কোটি রিয়ালে পৌঁছেছে। ২০২৪ সালের একই সময় এ পরিমাণ ছিল ৩০১ কোটি রিয়ালের সামান্য বেশি। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ২ শতাংশ ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
গত নভেম্বর শেষ নাগাদ বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণ ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ১৯০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে। এছাড়া সরকারি উন্নয়ন বন্ডে বিনিয়োগ ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে ২২০ কোটি রিয়ালে পৌঁছেছে। তবে বিদেশী সিকিউরিটিজে বিনিয়োগ ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।