এলএমইতে তামার দাম অপরিবর্তিত

বিশ্ববাজারে তামার দাম মঙ্গলবার অপরিবর্তিত ছিল।

বিশ্ববাজারে তামার দাম মঙ্গলবার অপরিবর্তিত ছিল। দিনটিতে ধাতুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দেখা দিলেও বিশ্ব অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ ও ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে অপরিবর্তিত থেকে যায়। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার তিন মাসে সরবরাহের চুক্তিতে এদিন দাম খুব একটা বদলায়নি। প্রতি টনের দাম ৯ হাজার ৭০৫ ডলারে স্থির হয়।

বিশ্বব্যাপী শেয়ারবাজার সূচকগুলো এখন নিম্নমূখী। অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে জ্বালানি তেলের বাজারদর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো বড় সংঘাতে রূপ নিতে পারে, এমন শঙ্কায় বাজারে অস্থিরতা বেড়েছে। এতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ থেকে সরে আসছেন।

প্যানমিউর লিবারামের বিশ্লেষক টম প্রাইস বলেন, ‘নতুন করে যুদ্ধ পরিস্থিতি বাজারকে অস্থির করে তুলেছে। বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপ ইনকরপোরেটেড (সিটি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তামা আমদানির ওপর শুল্ক আরোপ করলে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দাম কমে টনপ্রতি ৮ হাজার ৮০০ ডলার পর্যন্ত নামতে পারে। তবে তার আগে মার্কিন বাজারের আমদানি পরিস্থিতি বিশ্বের অন্যান্য অঞ্চলে সরবরাহ সংকট তৈরি করতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামা আমদানিতে শুল্ক আরোপের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে কোমেক্স ও এলএমইর তামার দামে প্রায় ৮৮৬ ডলারের ব্যবধান তৈরি হয়েছে।

এদিন এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫২৮ ডলারে। অন্যদিকে জিংকের দাম দশমিক ৭ শতাংশ, নিকেলের দশমিক ৪, টিনের দশমিক ৫ ও সিসার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬৪০, ১৫ হাজার ১৫, ৩২ হাজার ৪৫০ ও ১ হাজার ৯৮২ ডলারে।

আরও