প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামে এ সেবা চালুর মাধ্যমে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে আরো বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। রাজধানীর চকবাজার শাখায় গতকাল ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানো এ উদ্যোগের লক্ষ্য।’ কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তুলতে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ইসলামিক ব্যাংকিংয়ে গ্রাহকের আস্থা বাড়াতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন গ্রাহকের আস্থা, দায়িত্বশীল ব্যাংকিং এবং আর্থিক সেবার পরিধি বাড়ানোর বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক একেএম আওলাদ হোসেন; পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ; অতিরিক্ত ডিআইজি ও সিআইডির প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন; কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান; ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।