টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে।

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতি, শক্তিশালী রফতানি ও সীমিত উৎপাদন বৃদ্ধি দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম টনে ৭১ রিঙ্গিত বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে ৪ হাজার ৫৩১ রিঙ্গিতে (১ হাজার ৭২ ডলার)। সাপ্তাহিক দরবৃদ্ধির হার ১ দশমিক ৩২ শতাংশ।

সেলাঙ্গরভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিন্ডুং বেস্টারির পরিচালক পরামালিঙ্গম সুপ্রামানিয়াম জানান, আগস্টে উৎপাদন প্রায় স্থিতিশীল রয়েছে। প্রাথমিক হিসাবে মাত্র ২-৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে আগস্ট ও সেপ্টেম্বর উভয় মাসে রফতানি শক্তিশালী থাকবে।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সয়াবিন ও পাম অয়েলের দাম যথাক্রমে দশমিক ৬৪ ও দশমিক ৪ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ।

এরই মধ্যে ভারতীয় আমদানিকারকরা প্রথমবারের মতো কলম্বিয়া ও গুয়াতেমালা থেকে পাম অয়েল কিনেছে। উদ্বৃত্ত মজুদ থাকা দেশগুলো বড় ছাড়ে তেল বিক্রি করায় এ সুযোগ তৈরি হয়েছে। কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস ও অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়ার তথ্যানুযায়ী, ১-২০ আগস্ট মালয়েশিয়ার পাম তেল রফতানি মাস ভিত্তিতে ১৩ দশমিক ৬ থেকে ১৭ শতাংশ বেড়েছে।

আরও