পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) দ্বিতীয় পর্যায়ের আওতায় এ চুক্তি করা হয়েছে।
চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংককে ৮০০ কোটি টাকার বার্ষিক অর্থায়ন সুবিধা দেয়া হয়েছে। এ অর্থ পিকেএসএফের সহযোগী সংস্থা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ হিসেবে বিতরণ করবে ব্যাংকটি। ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট গ্যারান্টি দেয়ার পাশাপাশি নিজেদের মনিটরিং ও সুপারভিশন কাঠামোর মাধ্যমে অর্থায়ন কার্যক্রম তদারক করবে পিকেএসএফ।
গত ২০ জুলাই ঢাকায় পিকেএসএফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ও হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায় উপস্থিত ছিলেন। পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ।
পিকেএসএফের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোগে গ্যারান্টিযুক্ত অর্থায়ন সহজ করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে পিকেএসএফ।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২১টি সহযোগী এমএফআইয়ের মাধ্যমে ১ হাজার ৮২ কোটি টাকার গ্যারান্টিযুক্ত পোর্টফোলিওর বিপরীতে ৭০৫ কোটি টাকা বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। অর্থাৎ ওই সময়ে গ্যারান্টিযুক্ত পোর্টফোলিওর প্রায় ৬৫ শতাংশ অর্থ বিতরণ করা হয়েছে।