প্রথম প্রান্তিক

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩২ কোটি টাকা।

প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির সমন্বিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকায়। আলোচ্য সময়ে ব্যাংকের ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬২৩ কোটি টাকায়। প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার অনুপাত দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্রাইম ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়।

ব্যাংকটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

আরও