সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি

পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় ২০% বেড়েছে

জ্বালানি সংকট, ব্যাংকিং-সংক্রান্ত জটিলতা এবং বিশ্ববাজারে চাহিদা হ্রাসের সম্মিলিত প্রভাবে দেশের পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে।

একই সঙ্গে উৎপাদন সক্ষমতার অর্ধেক ব্যবহার এবং রফতানি ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এ খাতের ব্যবসা পরিস্থিতি ‘খুবই খারাপ’ বলে দাবি করেছেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসন্ন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো ২০২৬) উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৯ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে এ প্রদর্শনী, যা ২ মে পর্যন্ত চলবে। বিকেএমইএ ও ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাতেম বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকট শিল্প খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। শিল্পাঞ্চলগুলোয় দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অধিকাংশ কারখানা এখন মোট সক্ষমতার মাত্র ৫০-৬০ শতাংশ ব্যবহার করতে পারছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপসহ প্রধান বাজারগুলোর ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পোশাকের চাহিদা হ্রাস পেয়েছে।’

ব্যাংক খাতের জটিলতা তুলে ধরে বিকেএমইএ সভাপতি বলেন, ‘ডলারের মূল্যবৃদ্ধির কারণে এলসি সীমা কমে গেছে, ফলে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছে।’

কাস্টমস ও কর ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘সামান্য কারণে পণ্য আটকে দেয়ায় আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ এসব সংকট মোকাবেলায় প্রযুক্তি অভিযোজনের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ হাতেম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ এপ্রিল শুরু হবে চার দিনব্যাপী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শীর্ষক প্রদর্শনী। এতে বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও পোশাক শিল্প খাতের ম্যাগাজিন টেক্সটাইল টুডের যৌথ আয়োজনে থাকবে তিনটি সেমিনার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ও বিটিকেজি ২০২৬-এর আহ্বায়ক ফজলে শামীম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজির নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং অ্যালিয়েন্ট লিমিটেডের প্রধান নির্বাহী রুবাইয়াত আহসানসহ সংশ্লিষ্টরা।

আরও