এপ্রিল-অক্টোবর

ভারতে পরিশোধিত ইস্পাত আমদানি কমেছে ৩৪ শতাংশ

ভারতে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) পরিশোধিত ইস্পাত আমদানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ১ শতাংশ।

ভারতে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) পরিশোধিত ইস্পাত আমদানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ১ শতাংশ। দেশটির সরকারের প্রাথমিক তথ্য অনুযায়ী এ সময় ধাতব পণ্যটি আমদানির মোট পরিমাণ ছিল ৩৮ লাখ টন। খবর রয়টার্স।

আমদানির পরিমাণ রফতানির চেয়ে বেশি হওয়ায় পরিশোধিত ইস্পাতের নিট আমদানিকারক দেশ ভারত।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, এপ্রিল-অক্টোবর পর্যন্ত ভারত দক্ষিণ কোরিয়া থেকে সবচেয়ে বেশি পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। এ সময় দেশটি থেকে মোট আমদানির পরিমাণ ছিল ১৪ লাখ টন। এর পরই রয়েছে চীন, জাপান ও রাশিয়ার অবস্থান।

ভারত সরকারের প্রতিবেদন অনুযায়ী নিম্নমুখী চাহিদা ও অতিরিক্ত সরবরাহের কারণে ইস্পাতের দাম এ সময় নিম্নমুখী ছিল। পাশাপাশি উৎসব মৌসুমের কারণে ব্যবসায়িক কার্যক্রমও ছিল ধীর।

ভারত এপ্রিল-অক্টোবর পর্যন্ত মোট ৩৫ লাখ টন পরিশোধিত ইস্পাত রফতানি করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বেশি। এ সময় ভারতীয় ইস্পাতের সবচেয়ে বড় বাজার ছিল ইতালি ও বেলজিয়াম। এরপর ছিল স্পেনের অবস্থান।

আরও