শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও শ্রম আইন বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিগরি সহায়তা কামনা করেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে শ্রম উপদেষ্টা বাংলাদেশের শ্রম খাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।
এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্প খাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন তিনি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।