বাজারে আসার দুদিনের মধ্যেই অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুয়ো’র পর্দায় ফাটল ও ডিসপ্লেতে ত্রুটির অভিযোগ উঠেছে। ব্যবহারের কয়েক ঘণ্টার মধ্যেই পর্দায় ফাটল দেখা দিয়েছে বলে জানান অ্যাপলের নতুন ফোনটির কয়েকজন ক্রেতা। কারো কারো ফোনে ডিসপ্লের একাংশ কাজ করাও বন্ধ করে দিয়েছে। এতে ফোনটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। খবর দ্য ন্যাশনাল।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে রোববার প্রকাশিত কয়েকটি ছবিতে ফোনটির ভেতরের পর্দায় ক্ষতির চিহ্ন দেখা গেছে। ছবিগুলোয় মূলত ফোনের ভাঁজ করার অংশ বা হিঞ্জের কাছে ফাটল দেখা যায়।
আবার কিছু ছবিতে ডিসপ্লের ডান পাশে উজ্জ্বল রেখাও দেখা গেছে। কয়েকটি ফোনে পিক্সেল নষ্ট হওয়ার অভিযোগও উঠেছে।
ভাঁজযোগ্য ডিসপ্লে আইফোন ডুয়োর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই অল্প সময়ের ব্যবহারে এ ধরনের ত্রুটির অভিযোগ ২ হাজার ডলার দামের ফোনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে কতসংখ্যক ফোনে এ সমস্যা দেখা দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এটি উৎপাদনগত ত্রুটি, নকশার সমস্যা, নাকি বিচ্ছিন্ন কিছু ঘটনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
প্রি-অর্ডারে ব্যাপক সাড়া পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে আইফোন ডুয়ো। চাহিদা বেশি থাকায় প্রাথমিক মজুদ দ্রুত শেষ হয়ে যায়। কিছু ক্রেতার ক্ষেত্রে ফোন সরবরাহের সময় আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ফোনটির দাম ৮ হাজার ৪৯৯ থেকে ১৩ হাজার ৫৯৯ দিরহাম।
এদিকে ক্ষতিগ্রস্ত ফোনগুলো পরীক্ষার জন্য অ্যাপল ক্যালিফোর্নিয়ায় নিজেদের প্রকৌশল দলের কাছে পাঠানোর পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। কী কারণে ডিসপ্লেতে ত্রুটি দেখা দিচ্ছে, তা খতিয়ে দেখবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতের মডেলে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কিনা, সেটিও পরীক্ষার পর নির্ধারণ করা হতে পারে।