সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১.২%

যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়েছে চীন। এতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়েছে চীন। এতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। এছাড়া এ সময় ডলারের বিনিময় হার বৃদ্ধিও মূল্যবান ধাতুটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ৩ হাজার ২৯২ ডলার ৯৯ সেন্ট। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য স্থির হয় ৩ হাজার ২৯৮ ডলার ৪০ সেন্ট।

কানাডাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল ঘালি বলেন, ‘শুল্ক নিয়ে বাণিজ্য উত্তেজনা আপাতত কমে আসায় স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এখন পর্যন্ত বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়েনি।’

তিনি আরো বলেন, ‘অনেক ব্যবসায়ী সাম্প্রতিক লেনদেনে দামের পতনকে ক্রয় বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছে। তাই সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসতে পারে।’

ব্যবসায়ীরা জানান, চীন ১২৫ শতাংশ শুল্ক আরোপিত কিছু মার্কিন পণ্যে ছাড় দেয়ার বিষয়টি বিবেচনা করছে। কোন কোন পণ্য সে আওতায় আসতে পারে সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পাল্টাপাল্টি শুল্কযুদ্ধ প্রশমিত হতে পারে। এ বিষয়ে সরাসরি আলোচনা শুরু হয়েছে।

এদিকে মার্চের পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো সাপ্তাহিক লাভের পথে রয়েছে মার্কিন ডলার। এতে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ আরো ব্যয়বহুল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে চাহিদা কমে গেলে দামও নিম্নমুখী হয়।

স্বর্ণ সাধারণত ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় আপৎকালীন বিনিয়োগকালীন হিসেবে বিবেচিত হয়। চলতি বছরের এ পর্যন্ত এরই মধ্যে মূল্যবান ধাতুটির দাম ২৫ শতাংশের বেশি বেড়েছে। মূলত যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয় মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

এদিকে স্পট মার্কেটে শুক্রবার রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য নেমেছে ৩৩ ডলার ৩ সেন্ট। যদিও ধাতুটি টানা তৃতীয় সপ্তাহের মতো মুনাফা আয়ের পথে রয়েছে। সাপ্তাহিক লেনদেনের শেষদিনে প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৬৫ ডলার ৫৩ সেন্টে স্থির হয়েছে। এ সময় প্যালাডিয়ামের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৯৩৬ ডলার ৮৯ সেন্টে।

আরও