সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নিয়ে আলোচনা শেষ হয়েছে রোববার। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ হয়েছে বলে দাবি করেন। চীনা কর্মকর্তারা জানান, একটি ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক সংলাপ ফোরামের সূচনা হচ্ছে। বাণিজ্য উত্তেজনা কমে আসার সম্ভাবনায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ২৪ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১০ ডলার ৫৪ সেন্টে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য দ্বন্দ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সয়াবিনের বাজার। কারণ বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ব্রাজিল থেকে আমদানি বাড়াচ্ছে। ব্রাজিলের কৃষকরা ২০২৫-২৬ মৌসুমে সয়াবিনের জমি প্রায় পাঁচ লাখ হেক্টর বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান এগ্রোকনসাল্টের প্রেসিডেন্ট আন্দ্রে পেসোয়া।
এদিকে গতকাল সিবিওটিতে গমের দাম দশমিক ৯১ শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম নেমেছে ৫ ডলার ১৭ সেন্টে। এ সময় ভুট্টার দাম দশমিক ২২ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৪৯ সেন্টে।