আন্তর্জাতিক বাজারে বাড়ছে তামার দাম

বিশ্ববাজারে তামার দাম আবার বাড়তে শুরু করেছে।

সম্প্রতি পণ্যটির দাম বেড়ে প্রতি পাউন্ড প্রায় ৬ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের শুরুর দিকের লোকসান কাটিয়ে উঠল গুরুত্বপূর্ণ এ শিল্প ধাতু। সেমিকন্ডাক্টর বা চিপ খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট (এআই) প্রযুক্তির শেয়ারের দরপতনের ধাক্কা সামলে বিনিয়োগকারীরা বাজারে আবার সক্রিয় হওয়ায় তামার দাম এ ইতিবাচক ধারায় ফিরেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

বাজারসংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও বিনিয়োগকারীরা এখন আর তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনা চালিয়ে যাবে, এমন খবরের পর বাজার পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। কূটনীতির এ ইতিবাচক আভাস বিশ্ব পণ্যবাজারের ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে।

পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে তৈরি হওয়া বৈশ্বিক উদ্বেগ কমেছে। জ্বালানি তেলের দাম কমায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) নিকট ভবিষ্যতে সুদের হার খুব বেশি বাড়াবে না বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়ার আশঙ্কা কমে আসায় বিশ্বব্যাপী উৎপাদনমুখী খাতের পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উৎপাদন খাত সচল হলে তামার মতো শিল্প ধাতুর চাহিদাও সরাসরি বাড়ে।

তবে বাজারে চলমান এ ইতিবাচক ভাবনার মধ্যেও অর্থনীতিবিদরা সতর্কবার্তা দিয়েছেন। আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ফেড চলতি বছরের শেষ নাগাদ অন্তত আরো একবার সুদের হার বাড়াতে পারে বলে বাজার এখনো ধারণা করছে।

বিশ্ব অর্থনীতি ও শিল্পোৎপাদনের সামগ্রিক পরিস্থিতি কেমন চলছে, তামা দামকে তার একটি অন্যতম প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু উৎপাদন, আবাসন নির্মাণ ও ইলেকট্রনিকস খাতে তামার ব্যবহার ব্যাপক, তাই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রানীতির যেকোনো পরিবর্তনের প্রভাব এ ধাতুর দামের ওপর সরাসরি পড়ে। গত শুক্রবার দামের এ ঘুরে দাঁড়ানো মূলত ভূরাজনৈতিক সংকট ও মূল্যস্ফীতির চাপ সাময়িক কমে আসার কারণে বিশ্ববাজারে স্বস্তিরই প্রতিফলন।

আরও