যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার টনের বেশি গম নিয়ে এমভি উইকোটাটি নামের একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে এমভি উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
এরই মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ। চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। গতকালের জাহাজে এসেছে আমদানীকৃত গমের তৃতীয় চালান। এর আগে ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম দেশে পৌঁছেছে। তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে পৌঁছল।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তারা।