রেকর্ড সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমে আসায় ভারত ও চীনে খুচরায় সামান্য চাহিদা বেড়েছে স্বর্ণের। প্রায় দুই মাস পর দেশ দুটিতে আবার প্রিমিয়ামে (সংযোজিত মূল্যে) মূল্যবান ধাতুটি লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভারতের ডিলাররা গত সপ্তাহে সরকারিভাবে নির্ধারিত স্থানীয় দামের ওপর আউন্সপ্রতি সর্বোচ্চ ১৫ ডলার প্রিমিয়ামে বেচাকেনা করেছেন। এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত ছিল। আগের সপ্তাহে দেশটিতে আউন্সপ্রতি সর্বোচ্চ ৬১ ডলার পর্যন্ত ছাড়ে স্বর্ণ বেচাকেনা হয়েছিল।
গত শুক্রবার ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৩৬ হাজার ৭০০ রুপি। এরও আগের সপ্তাহে দেশটিতে আউন্সপ্রতি রেকর্ড ১ লাখ ৪০ হাজার ৪৬৫ রুপিতে পৌঁছেছিল মূল্যবান ধাতুটির দাম।
নয়াদিল্লিভিত্তিক এক গহনা ব্যবসায়ী জানান, রেকর্ড সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমায় খুচরায় স্বর্ণের ক্রয় কিছুটা বেড়েছে। তবে মুম্বাইয়ের এক বুলিয়ন ডিলারের মতে, দামের অস্থিতিশীলতার কারণে অনেক ক্রেতা এখনো মূল্য আরো কমার অপেক্ষায় আছেন।
শীর্ষ ব্যবহারকারী দেশ চীনেও গত সপ্তাহে ছাড়ের বদলে বৈশ্বিক স্পট দামের তুলনায় আউন্সপ্রতি প্রায় ৩ ডলার সংযোজিত মূল্যে স্বর্ণ বেচাকেনা করেছেন ব্যবসায়ীরা। রস নরম্যান নামের এক স্বতন্ত্র বিশ্লেষক বলেন, ‘দাম কিছুটা কমে আসায় চীনে ফিজিক্যাল গোল্ডের (গহনা, বার অথবা মুদ্রা) চাহিদা তুলনামূলক বেড়েছে।’
সিঙ্গাপুরে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ ৫০ সেন্ট ছাড় থেকে ১ ডলার ২০ সেন্ট প্রিমিয়াম পর্যন্ত বেচাকেনা হয়েছে। এ সময় হংকংয়ে প্রিমিয়াম ছিল সর্বোচ্চ ১ ডলার ৭০ সেন্ট।