২৯তম এজিএম

ইডকলের ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ২০২৫ অর্থবছরের অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সরকারের অনুকূলে ৬২ কোটি টাকা নগদ লভ্যাংশ দেয়া হবে। বাকি ৬২ কোটি টাকা বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে ব্যবহার করা হবে। ফলে ইডকলের পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি থেকে বেড়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত হবে। রাজধানীর একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত ইডকলের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় কোম্পানির ২০২৫ অর্থবছরের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ কৌশল পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইডকলের ২০২৫ অর্থবছরের পরিচালন মুনাফা ছিল ৫৫৮ কোটি টাকা। এ মুনাফার ভিত্তিতেই শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে সরকারের কাছে যাবে ৬২ কোটি টাকা। অবশিষ্ট ৬২ কোটি টাকা নগদে পরিশোধ না করে বোনাস শেয়ার হিসেবে কোম্পানিতে পুনর্বিনিয়োগ করা হবে।

পরিশোধিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্তকে ইডকলের আর্থিক সক্ষমতা জোরদার ও ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। ৬২ কোটি টাকার বোনাস শেয়ার ইস্যু হলে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি থেকে ১ হাজার কোটি টাকায় উন্নীত হবে। অর্থাৎ এক বছরে পরিশোধিত মূলধন বাড়বে ৬ দশমিক ৬ শতাংশ।

সভায় ইডকলের পরিচালক ও শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক কার্যসম্পাদনের অগ্রগতি এবং কৌশলগত বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও ইডকলের শেয়ারহোল্ডার এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। ইডকলের পরিচালক হিসেবে সভায় অংশ নেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইআরডির অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকি এবং সাদাত সারওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার ওমর সাদাত। শেয়ারহোল্ডার হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

আরও