২০২৫ সালে চীনের জ্বালানি তেল আমদানিতে রেকর্ড

চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২০২৫ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২০২৫ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। একই বছরের ডিসেম্বরে মাস ও দৈনিক ভিত্তিতেও পণ্যটির আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে চীন আমদানি করেছে ৫৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল, যা দৈনিক গড়ে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ প্রবৃদ্ধি দেশটির জ্বালানি চাহিদা ও মজুদ বাড়ানোর প্রবণতার প্রতিফলন।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। দেশটি ডিসেম্বরে মোট ৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা দৈনিক হিসেবে ১ কোটি ৩১ লাখ ৮০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি নভেম্বরের ৫ কোটি ৮ লাখ ৯০ হাজার টনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ডিসেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষণ সংস্থা কেপলারের মতে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানির এ প্রবৃদ্ধির পেছনে রয়েছে পরিশোধনাগারে বেশি জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ও মজুদ পুনর্গঠনের জোরালো চাহিদা। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে চীনের জ্বালানি তেল প্রক্রিয়াজাত সক্ষমতা দৈনিক ১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ব্যারেলে পৌঁছতে পারে, যা আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি।

কনসালট্যান্সি প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীনে জ্বালানি তেলের দৈনিক গড় মজুদ বেড়েছে ৪ লাখ ৩০ হাজার ব্যারেল, ২০২৪ সালে এ প্রবৃদ্ধির দৈনিক পরিমাণ ছিল মাত্র ৮৪ হাজার ব্যারেল।

রাইস্টাড এনার্জির ভাইস প্রেসিডেন্ট ইয়ে লিন বলেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তাই চীনের মজুদ বৃদ্ধির প্রধান চালিকাশক্তি। এছাড়া পণ্যটির দাম কমে আসার কারণেও এ প্রবৃদ্ধি দেখা গেছে।’

অন্যদিকে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি ডিসেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টনে।

আরও