যুক্তরাষ্ট্রের আরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি করবে ইস্টার্ন লুব্রিক্যান্টস

জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি যুক্তরাষ্ট্রের আরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ করবে।

এজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডটির অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের সঙ্গে গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। চুক্তির বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে জানিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস।

তথ্যানুসারে, বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড আরগনের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণের ক্ষেত্রে ইস্টার্ন লুব্রিক্যান্টস এবং প্রিমিয়ার পেট্রোলিয়াম যৌথভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। প্রাথমিকভাবে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি এক বছরের জন্য কার্যকর থাকবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ২৮ পয়সায় (পূনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৯১ পয়সায়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল ইস্টার্ন লুব্রিক্যান্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব যা ছিল ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৯ টাকা ৮০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৯ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬৩ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৫২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টসের অনুমোদিত মূলধন ৫ কোটি ও পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ লাখ ৮১ হাজার ৪২৪। এর ৫১ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৫ দশমিক শূন্য ৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৫ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার সর্বশেষ ১ হাজার ৮৮৯ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১ হাজার ৮৭১ টাকা ১০ পয়সা থেকে ১ হাজার ৯০৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও