শিল্প-একাডেমিয়া সহযোগিতায় সিসিসিআই ও সিআইইউর সমঝোতা স্মারক স্বাক্ষর

অনুষ্ঠানে সিসিসিআই সভাপতি আমিরুল হক বলেন, ‘শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিল্প খাতের চাহিদার সঙ্গে উচ্চ শিক্ষা ও গবেষণার সমন্বয়, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে।

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কনফারেন্স হলে গতকাল বিকালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে সিসিসিআইয়ের পক্ষে চেম্বার সভাপতি আমিরুল হক এবং সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সিসিসিআই সভাপতি আমিরুল হক বলেন, ‘শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসায়িক খাতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ শিক্ষা ও গবেষণার সমন্বয় নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে।’

তিনি আরো বলেন, ‘‌কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম একসময় আঞ্চলিক লজিস্টিকস ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী এক বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও জরুরি। প্রশিক্ষিত জনশক্তি কর্মক্ষেত্রে যুক্ত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো গতিশীল হবে। এজন্য শিল্পের চাহিদা অনুযায়ী বাস্তব ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে শিল্প-একাডেমিয়া সহযোগিতার বিকল্প নেই।’

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার বলেন, ‘অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সিআইইউ মানসম্মত শিক্ষার বিস্তার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারী উদ্যোক্তা উন্নয়ন, চীনা ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখছে।’

আরও