চার ব্যাংক থেকে আরো ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২১৭ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।

চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২১৭ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের চারটি ব্যাংক থেকে গতকাল কিনেছে ৬ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।

এ তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। ১২২ টাকা ৩০ পয়সা দরে রোববার ছয়টি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ৬ কোটি ডলার।’ আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি অর্থবছরে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ২৯৩ কোটি ১৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও