ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২%

দেশের আবাসন খাতের আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।

ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির নিট সুদ আয় বেড়েছে ৪৪ শতাংশ এবং পরিচালন আয় বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ডিবিএইচের খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে অবস্থান করছে, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) অক্ষুন্ন রেখেছে।

গত ৩০ জুন পর্যন্ত ডিবিএইচের মোট ঋণের পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৬২ কোটি ও আমানত পোর্টফোলিওর স্থিতি প্রায় ৪ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সব বিভাগীয় শহরসহ মোট ১৮টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামিক শরিয়াহভিত্তিক উইংয়ের (আইএফডব্লিউ) আওতায় গ্রাহকদের আবাসন খাতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে মেয়াদি ও মুদারাবা আমানত সংগ্রহ করছে।

আরও