১ হাজার ৪৯০ কোটি ডলারে ইস্পাত খাতের মার্কিন প্রতিষ্ঠান ইউএস স্টিলকে অধিগ্রহণ করে নিতে যাচ্ছে জাপানি জায়ান্ট নিপ্পন স্টিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার এ অধিগ্রহণের অনুমতি দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স
১৮ মাসের নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ইউএস স্টিলকে অধিগ্রহণের অনুমতি পেল নিপ্পন স্টিল। এ সময়ে যুক্তরাষ্ট্র সরকারের বিরোধিতা ও দুটি জাতীয় নিরাপত্তা পর্যালোচনা অতিক্রম করতে হয়েছে কোম্পানি দুটিকে। ট্রাম্পের নির্বাহী আদেশে সইয়ের মধ্য দিয়ে এ অধিগ্রহণ চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা দূর হলো। চুক্তিটির বিষয়ে মার্কিন সরকারের শর্ত ছিল, এটি সম্পন্নের আগে এর সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সব ধরনের উদ্বেগের জায়গা দূর করতে হবে।
চুক্তি সই হওয়ার পর উভয় কোম্পানি জানিয়েছে, তারা হোয়াইট হাউজের নির্দেশনা পূরণ করে চুক্তির অনুমোদন পেয়েছে। যৌথ বিবৃতিতে উভয় কোম্পানি যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলারের নতুন বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে নিপ্পন স্টিল। এ চুক্তির মাধ্যমে ইউএস স্টিলের ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে কোম্পানিটি।
বিলম্বের পরও এই অধিগ্রহণ চুক্তি নিপ্পন স্টিলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ এর মধ্য দিয়ে নিপ্পন স্টিল মার্কিন অবকাঠামো প্রকল্পগুলোয় বাড়তি সুবিধা পাবে। তাছাড়া অধিগ্রহণ চুক্তির মাধ্যমে জাপানি কোম্পানিটি যুক্তরাষ্ট্রে আমদানীকৃত ইস্পাতে ৫০ শতাংশ শুল্কের বাধা এড়াতে সক্ষম হবে।
জাপান সরকারও এ চুক্তি সাদরে গ্রহণ করেছে। দেশটি জানিয়েছে, অধিগ্রহণ চুক্তির কারণে উভয় দেশের ইস্পাত শিল্পে উদ্ভাবনী সক্ষমতা বাড়াবে। তাছাড়া দেশ দুটির মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হবে।