ইউরোপের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে আবারো কমেছে গমের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) দামে নিম্নমুখিতা ও ইউরোর শক্তিশালী বিনিময় হার পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
ইউরোপের অন্যতম প্রধান স্টক ও ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইউরোনেক্সটে শুক্রবার মে মাসের সরবরাহ চুক্তিতে গমের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২২১ দশমিক ৭৫ ইউরোয় (২৪০ ডলার ২০ সেন্টে)। এদিন বেচাকেনার শুরুতে গমের দাম টনপ্রতি ২১৯ দশমিক ২৫ ইউরোয় নেমেছিল, যা গত আগস্টের শেষের পর সর্বনিম্ন এবং বৃহস্পতিবারের ছয় মাসের সর্বনিম্ন মূল্য থেকেও কিছুটা কম।
বাজার বিশ্লেষকরা জানান, ডলারের তুলনায় ইউরোর চার মাসের উচ্চমূল্য ইউরোনেক্সটে গমের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি করেছে। ফলে এটি ডলারের হিসাবে স্থিতিশীল রাখতে সামঞ্জস্য করা হয়েছে।
এর আগে কানাডা ও মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে এ দুই দেশের জন্য শুল্ক হ্রাসের কারণে বাণিজ্যিক ব্যাঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। এমন প্রেক্ষাপটে সিবিওটিতে গমের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে।
জার্মানের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি পশ্চিম ইউরোপীয় রফতানি মূল্য রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতামূলক হতে শুরু করেছিল। তবে এ সময় ইউরোর বিনিময় হার বেড়ে যাওয়ায় গমের দাম গত সপ্তাহে কমেছে।’