ভোমরা স্থলবন্দর

বছরের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ১ লাখ ৭০ হাজার টন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে কমে গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এ বন্দর দিয়ে আমদানি কমেছে প্রায় ১ লাখ ৭০ হাজার টন। বৈশ্বিক সংকটের পাশাপাশি বন্দরের অবকাঠামোগত দুর্বলতাকে এর প্রধান কারণ হিসেবে দাবি করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৭৬১ টন, যার আমদানি মূল্য ৫ হাজার ৯৪৯ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৩৯৪ টন, যার আমদানি মূল্য ছিল ৬ হাজার ৬০৮ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ১ লাখ ৬৯ হাজার ৬৩৩ টন।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, বন্দরে ক্রেন, স্ক্যানার বা মোবাইল স্কেলের মতো আধুনিক সুবিধা না থাকায় ভারী পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি পার্শ্ববর্তী বেনাপোল বন্দরে ব্যবসায়ীরা যে সুযোগ-সুবিধা পান, ভোমরায় তা না পাওয়ায় বড় আমদানিকারকরা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মো. মুসফিকুর রহমান বলেন, ‘যেকোনো বন্দরে আমদানি-রফতানির পরিমাণ মূলত ব্যবসায়ীদের চাহিদার ওপর নির্ভর করে। তবে তারা যাতে সঠিক সেবা পান এবং কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

আরও