চট্টগ্রাম বন্দর

চীন-ভারত থেকে দুই জাহাজে এল ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।

দেশে দৈনিক সাড়ে ১২ হাজার টন হিসেবে এ জ্বালানি তেল দিয়ে চারদিনের চাহিদা মেটানো যাবে।

প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় শুক্রবার বেলা ৩টায়। এরপর গতকাল ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভেড়ে কুতুবদিয়া অ্যাঙ্করেজে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরো দুটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান রয়েছে। নতুন আরো দুটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এপ্রিলে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল। চলতি মাসেও এক লাখ টন ক্রুড অয়েলসহ মোট ছয় লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। আমদানীকৃত এ নতুন চালান দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও