এনভয় টেক্সটাইলস

ফ্যাব্রিকস রফতানি থেকে আয় বেড়েছে সাড়ে ১১ শতাংশ

বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্যাব্রিকস রফতানি থেকে আয় বেড়েছে ১১ দশমিক ৬৭ শতাংশ।

বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্যাব্রিকস রফতানি থেকে আয় বেড়েছে ১১ দশমিক ৬৭ শতাংশ। তবে কটন ইয়ার্ন ও ডাইড ইয়ার্ন রফতানি থেকে আয় কমে যাওয়ায় আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয় সামান্য কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ফ্যাব্রিকস রফতানি করে এনভয় টেক্সটাইলস ৮১৭ কোটি ৪১ লাখ টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩১ কোটি ৯৬ লাখ টাকা। এ সময়ে কটন ইয়ার্ন রফতানি থেকে আয় কমেছে ৬৪ দশমিক ৮৩ শতাংশ এবং ডাইড ইয়ার্ন রফতানি থেকে আয় কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ।

ফলে চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে এনভয় টেক্সটাইলসের মোট আয় ১ দশমিক ৩৯ শতাংশ কমে ৮৮৬ কোটি ১২ লাখ টাকায় দাঁড়িয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯৮ কোটি ৫৭ লাখ টাকা।

মোট আয় কমলেও চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে এনভয় টেক্সটাইলসের কর-পরবর্তী নিট মুনাফা ২১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৭২ কোটি ৯৮ লাখ টাকায় দাঁড়িয়েছে, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬০ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পনিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়।

এনভয় টেক্সটাইলসের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৩, ২০২৪, ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৮৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরও