প্রাকৃতিক গ্যাস আমদানি-রফতানি বৃদ্ধিতে একটি দীর্ঘমেয়াদি রুট নিশ্চিতে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চালিয়েছে বলিভিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার প্রথমবারের মতো বলিভিয়া দিয়ে ব্রাজিলে জ্বালানি পণ্যটি রফতানি শুরু করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস কোম্পানি ম্যাট্রিক্স এনার্জিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বলিভিয়ার পাইপলাইন ব্যবহার করে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল গ্যাসক্ষেত্র প্রায় পাঁচ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্রাজিলে রফতানি করেছে।
বিবৃতি অনুযায়ী, এ নজিরবিহীন কার্যক্রমের লক্ষ্য হলো সরবরাহ চেইনের প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা। ফরাসি কোম্পানি টোটালএনার্জিসের আর্জেন্টিনা ইউনিট ও ম্যাট্রিক্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বলিভিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওয়াইপিএফবি ও ম্যাট্রিক্সের মধ্যে ত্রিপক্ষীয় পরিচালন চুক্তিও স্বাক্ষর হয়।
পাইপলাইনটি বহু বছর ধরে বলিভিয়ার প্রাকৃতিক গ্যাস ব্রাজিল ও আর্জেন্টিনায় সরবরাহ করে আসছিল। কিন্তু বলিভিয়ার নিজস্ব উত্তোলন হ্রাসের কারণে রফতানি কমেছে। ফলে নতুন সরবরাহকারী ও পরিবহনসংক্রান্ত বিষয় সমাধানের প্রয়োজন ছিল।