বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য অনেক ‘সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার’ নিচ্ছেন কয়েক লাখ ডলার। কারো কারো পারিশ্রমিক পৌঁছেছে ১০ লাখ ডলার পর্যন্ত। প্রাকৃতিক উপাদানে তৈরি রিফিলযোগ্য ডিওডোরেন্ট ব্র্যান্ড ওয়াইল্ডও বিক্রি বাড়াতে এখন তারকানির্ভর প্রচারণাকেই বেছে নিয়েছে।
ওয়াইল্ড ব্র্যান্ডটিকে গত বছর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কিনে নেয়। ওয়াইল্ড ব্র্যান্ডের সহপ্রতিষ্ঠাতা চার্লি বোয়েস-লায়ন জানান, ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা তারকাদের মাধ্যমে পণ্যের প্রচার।
এজন্য বেশ কয়েকজন নামি তারকাকে যুক্ত করেছে ওয়াইল্ড। তাদের মধ্যে আছেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু, স্ট্যাসি সলোমন ও মলি-মে হগ।
চার্লি বোয়েস-লায়ন জানান, এমা রাডুকানুর সঙ্গে অংশীদারত্বের জন্য কয়েক লাখ ডলার ব্যয় হয়েছে। টেনিস তারকা এমা রাডুকানু বর্তমানে ওয়াইল্ড ব্র্যান্ডের প্রধান শুভেচ্ছা দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি গত এক বছর ব্র্যান্ডটির সঙ্গে কাজ করছেন। রাডুকানু নিজে কোম্পানির কার্যালয়ে গিয়ে নিজের পছন্দের সুগন্ধিও তৈরি করেছেন।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি ওয়ান টুয়েলভ এজেন্সির প্রতিষ্ঠাতা হান্নাহ ক্যাম্পবেল বলেন, ‘প্রথাগত বিজ্ঞাপনের তুলনায় কোম্পানিগুলো এখন ইনফ্লুয়েন্সারদের বেশি পছন্দ করছে। কারণ তারা ক্রেতাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন। সাধারণ মানুষ তাদের দেখেই পণ্য কিনতে আগ্রহী হয়।’
তিনি জানান, তরুণ ক্রেতারা এখন টেলিভিশন বা পত্রিকার মতো প্রথাগত মাধ্যমগুলো খুব একটা দেখছেন না। খবর ও ছবি বিবিসি