শুল্কনীতি বাতিলে বিশ্ববাজারে মিশ্র প্রভাব, কমেছে যুক্তরাষ্ট্রের সূচক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতিমালার একাংশ বাতিল করে দেয়ার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গতকাল লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারগুলোর সূচক গত সপ্তাহের তুলনায় নিম্নমুখী ছিল। আদালতের এ রায়ের ফলে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের সতর্কতা লক্ষ করা যাচ্ছে। খবর এপি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স দশমিক ৫ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রযুক্তি খাতের নাসডাক সূচকও প্রায় দশমিক ৭ শতাংশ পতন দিয়ে লেনদেন শুরু করেছে। যদিও আদালত শুল্ক পরিকল্পনা আটকে দিয়েছে, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যাবেন। ফলে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ কাটছে না।

ব্যবসায়িক খাতে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। ওজন কমানোর ওষুধের ট্রায়াল রিপোর্ট আশানুরূপ না হওয়ায় ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের শেয়ারের দাম ১৩ শতাংশের বেশি পড়ে গেছে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী এলি লিলির শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া ভালো বিক্রির খবরে পিৎজা চেইন ডমিনো’স-এর শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে।

এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। জাপান ও চীনের বাজার বন্ধ থাকলেও হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে বিটকয়েনের দাম ৫ শতাংশ কমে ৬৬ হাজার ডলারে নেমে এসেছে। জ্বালানি তেলের দাম সামান্য বেড়ে প্রতি ব্যারেল ৬৬ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে।

আরও