ইনডেক্স এগ্রোর লভ্যাংশ সংশোধন

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ সংশোধন করেছে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ সংশোধন করেছে। নতুন সুপারিশ অনুযায়ী, কোম্পানিটির পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এর আগে গত ২৭ অক্টোবর ডিএসইতে কোম্পানিটি আইপিও-পরবর্তী সাধারণ বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ও আইপিও-পূর্ববর্তী উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা, আগের বছর যা ছিল ৫ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ১৪ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ছিল গত ১৪ নভেম্বর।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের বছর যা ছিল ৫ টাকা ৯ পয়সা।

২০২১ সালে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৮০ ও বাকি ২১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬৭ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৫৪ টাকা থেকে ১০৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও