কৌশলগত অংশীদারত্বে বিজিএমইএ-এইচএসবিসি

পোশাক খাতের নতুন বাজার সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মূলত দেশের তৈরি পোশাক খাতের নতুন আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও ক্রেতা তৈরি, পণ্য বহুমুখীকরণ, উচ্চ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান আরো শক্তিশালী করতে এ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে প্রতিষ্ঠান দুটি।

এ উপলক্ষে গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘ব্যবসায়ীরা এখন শুধু রফতানির পরিমাণ বাড়াতে চায় না; বরং বায়ার, পণ্য ও রফতানি গন্তব্য—সব ক্ষেত্রেই বহুমুখীকরণ নিশ্চিত করতে চায়। বিশ্বের যেসব বড় ব্র্যান্ড এখনো বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করছে না অথবা সীমিত পরিসরে করছে, তাদের এখানে আনাই এ অংশীদারত্বের অন্যতম লক্ষ্য।’

অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান বলেন, ‘এ অংশীদারত্বকে শুধু একটি আনুষ্ঠানিক সমঝোতা হিসেবে দেখা যাবে না। দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপের ভিত্তিতে কাজ করতে হবে।’

পরিবর্তিত বৈশ্বিক বাজার ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় নতুন কৌশল গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজিএমইএকে আগামী পাঁচ বছরের জন্য কয়েকটি অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে নীতিগত সহায়তা থেকে শুরু করে আন্তর্জাতিক সাপ্লাই চেইন নেটওয়ার্ক ব্যবহারে এইচএসবিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়াদ্দার মোহাম্মদ হোসনে কামার আলম ও এবিএম সামছুদ্দিনসহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ছিলেন এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল সাপ্লাই চেইন, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আশফাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও