গাড়ি শিল্পে শৃঙ্খলতা ফেরাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন সরকার। এর প্রভাব পড়েছে চলতি বছরে ঘোষিত গাড়ি বিক্রির লক্ষ্যে।
চীনের শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি বছরে ৩ কোটি ২৩ লাখ ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এ লক্ষ্য খাতসংশ্লিষ্টদের সংগঠন চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএম) পূর্বাভাসকৃত ৩ কোটি ২৯ লাখের তুলনায় কম।
গত শুক্রবার সাতটি অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে মিলিতভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, এ লক্ষ্যমাত্রা ছিল গাড়ি শিল্পের স্থিতিশীল প্রবৃদ্ধিকে সহায়তামূলক একটি পরিকল্পনার অংশ।
এতে নতুন ধরনের জ্বালানিচালিত গাড়ি বা নিউ এনার্জি ভেহিকল (এনইভি) বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ইউনিট, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। তবে এর আগে ১ কোটি ৬০ লাখ ইউনিট এনইভি বিক্রির পূর্বাভাস দিয়েছিল সিএএএম।
নতুন এ পরিকল্পনায় শর্তসাপেক্ষে লেভেল থ্রি বা আধা স্বয়ংক্রিয় যানবাহনের অনুমোদন, সড়ক নিরাপত্তা, বীমা কাঠামো ও এ সম্পর্কিত বিধিমালা উন্নত করা হয়েছে। এছাড়া গাড়ি শিল্পে প্রতিযোগিতা শক্তিশালী করা এবং একটি সুবিন্যস্ত বাজার পরিবেশ তৈরি করার পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে চীন সরকারের নতুন পরিকল্পনায়।
দেশটির শিল্প মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, অটোমোটিভ খাতে ভুয়া বিপণন ও অন্যান্য অনলাইন অনিয়মের বিরুদ্ধে তারা তিন মাসের একটি অভিযান পরিচালনা করবে।
দীর্ঘদিন ধরে চীনের গাড়ি শিল্পে দাম কমানোর প্রতিযোগিতা চলে আসছিল, যা গাড়ি নির্মাতা, যন্ত্রাংশ সরবরাহকারী এবং ডিলারদের আর্থিক ক্ষতিকে তীব্র করে তুলেছিল। এরপর মে মাসে এ খাতে শৃঙ্খলতা ফেরাতে কঠোর নিয়ম চালু করে চীন। একই সঙ্গে ভুয়া বিপণন ঠেকাতে উদ্যোগ নেয়। এবার এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষিত হলো।