চলতি বছর চীনে ইস্পাত উৎপাদন সাত বছরের মধ্যে সর্বনিম্নে নামতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে নভেম্বরে ইস্পাত উৎপাদন কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টনে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কম। ধারাবাহিকভাবে টানা ছয় মাস ধরে উৎপাদন কমেছে ধাতব পণ্যটির। নভেম্বরে উৎপাদনের পরিমাণ নেমে এসেছে ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্নে। খবর হেলেনিক শিপিং নিউজ।
চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ৮৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টনে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম। নভেম্বরের দৈনিক উৎপাদনের ধারা ডিসেম্বরেও বহাল থাকলে পুরো বছরের মোট উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ৯৬ কোটি ৪০ লাখ টনে। সেক্ষেত্রে ২০১৮ সালের পর এটিই হবে সর্বনিম্ন বার্ষিক উৎপাদন।
ইস্পাত উৎপাদন কমলেও চীনে আকরিক লোহা আমদানি বাড়ছে। বিশ্লেষকদের ধারণা, ২০২৫ সালে দেশটি আকরিক লোহা আমদানির নতুন রেকর্ড গড়তে পারে। এতে ২০২৪ সালে গড়া ১২৪ কোটি টন আমদানির আগের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।