গমের সমাপনী মজুদ পূর্বাভাস সংশোধন ইউএসডিএর

গমের বৈশ্বিক সমাপনী মজুদ পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

গমের বৈশ্বিক সমাপনী মজুদ পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। তারা বলেছে, আগামী বছরের ১ সেপ্টেম্বরে ১৭৩ কোটি ৮০ লাখ বুশেল গমের সমাপনী মজুদ থাকতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় ২০ কোটি বুশেল বা ১০ শতাংশ কম। এর আগে নভেম্বরে ১৯৩ কোটি ৮০ লাখ বুশেলের পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডব্লিউএএসডিই) শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি বছর আগের পূর্বাভাসের তুলনায় ২ কোটি ২০ লাখ বুশেল কম গম উৎপাদন হতে পারে। এর আগে চলতি বছর ১৭৬ কোটি বুশেল গম সমাপনী মজুদের পূর্বাভাসও দিয়েছিল মার্কিন কৃষি বিভাগ।

ভুট্টা রফতানির পূর্বাভাসে বড় ধরনের বৃদ্ধিকে মজুদ কমে যাওয়ার পেছনে দায়ী করা হচ্ছে। ২০২৪-২৫ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানির পরিমাণ ২৪৭ কোটি ৫০ লাখ বুশেল পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের মাসের পূর্বাভাসের তুলনায় ১৫ কোটি বুশেল বেশি এবং ২০২০-২১ বিপণন বর্ষের পর সর্বোচ্চ। নভেম্বরে ২৩২ কোটি ৫০ লাখ বুশেল রফতানির পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। এছাড়া ইথানল ও উপজাত পণ্য ব্যবহারের পূর্বাভাসও ৫৫০ কোটি বুশেলে উন্নীত করা হয়েছে, যা গত মাসের তুলনায় পাঁচ কোটি বুশেল বেশি।

ব্যবসায়ীরা প্রত্যাশা করছিলেন, আগামী বছর রফতানি বাড়ার পূর্বাভাস দেয়া হবে। কিন্তু সমাপনী মজুদে বড় ধরনের পতন হয়েছে। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক মাসে বিক্রির গতি পাঁচ বছরের গড়ের তিন গুণ হয়েছে। মেক্সিকো আবারো শীর্ষ ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২৩-২৪ বিপণন বর্ষে মেক্সিকো যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ২ কোটি ৪৫ লাখ টন ভুট্টা আমদানি করেছে, যা ওই সময়ে যুক্তরাষ্ট্রের মোট ভুট্টা রফতানির প্রায় ৪০ শতাংশ।

বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। দেশটি গম রফতানি শুল্ক প্রায় ৩২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতি ও শীতকালীন ফসলের খারাপ অবস্থার কারণে সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবেলায় এমন পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।

রাশিয়ায় মধ্য আগস্ট থেকে রফতানি শুল্ক ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে টনে ২৫৭ রুবল (২ ডলার ৬০ সেন্ট) থেকে ৪ হাজার ৮৭১ দশমিক ৫ রুবলে পৌঁছেছে। তবে শুল্ক বাড়ানোর পরও সাম্প্রতিক মাসগুলোয় রেকর্ড রফতানি বজায় রেখেছে রাশিয়া।

এদিকে রাশিয়ার আবহাওয়া পূর্বাভাস সংস্থা থেকে পাওয়া এক ডাটা থেকে জানা গেছে, শীতকালীন গমের ফসল ৩৭ শতাংশের বেশি খারাপ অবস্থায় রয়েছে। বেশির ভাগ ফসল মাটিতে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে অঙ্কুরিত হয়নি। গত বছর দেশটিতে মাত্র ৪ শতাংশ ফসল খারাপ অবস্থায় ছিল।

আরও