মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সারা বিশ্বে উদ্বেগ দেখা যাচ্ছে। এরই প্রতিক্রিয়ায় প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই), পাশাপাশি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে আনল ভারতীয় কেন্দ্রীয় সংস্থাটি। খবর বিবিসি।
ফেব্রুয়ারির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে রেপোর হার কমেছে। গতকাল দেশটিতে সুদহার ৬ দশমিক ২৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রায় পাঁচ বছর পর সুদহার কমানো হয়েছিল।
এদিকে চলতি বছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬ দশমিক ৭ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছরও প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে বলা হচ্ছে, সুদহার কমিয়ে মুদ্রানীতি ‘নিরপেক্ষ’ থেকে ‘সহনশীল’ পর্যায়ে নিয়ে গেছে ভারতের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। অর্থাৎ অর্থনীতিতে উদ্দীপনা জোগাতে ভবিষ্যতে আবারো সুদহার কমানোর পথ খোলা রাখছে।
আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ‘বাণিজ্য বিভেদের আশঙ্কাগুলো সত্যি হচ্ছে এবং তা বৈশ্বিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে।’ বৈশ্বিক বাণিজ্যে এ ব্যাঘাত অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বেশির ভাগ অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছিলেন, চলতি বছর ভারতে মাত্র একবার সুদহার কমবে। এখন অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ ভারতীয় প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলায় কয়েক দফায় সুদহার কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
আইসিআইসিআই ব্যাংকের পূর্বাভাস অনুসারে, এ চক্রে মোট ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত সুদহার কমতে পারে।
মূল্যস্ফীতি কম থাকায় আরবিআই আরো সুদহার কমানোর সুযোগ পাবে বলে মনে করছে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা।
এদিকে আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির হিসাবে, বৈশ্বিক রফতানি ও বিদেশী বিনিয়োগ কমার কারণে ভারতের জিডিপিতে এ বছর দশমিক ৫ শতাংশীয় পয়েন্টে সরাসরি প্রভাব পড়বে।