মাদারীপুরে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচি শুরু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সহযোগিতায় সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি)’ অধীনে বাস্তবায়িত এ কর্মসূচিতে ২৬ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের দক্ষতা, ব্যবসায়িক সক্ষমতা ও যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও আর্থিক সেবার আওতায় আনা, ব্যবসা শক্তিশালী করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। তিনি প্রতিযোগিতামূলক উদ্যোক্তা সমাজ গঠন এবং প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা প্রাপ্তি সহজতর করতে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন একেএম তারেক এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। তারা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসা ও সামগ্রিক উদ্যোক্তা বাস্তুতন্ত্রে এ কর্মসূচির ইতিবাচক প্রভাব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দে। এ সময় তিনি কর্মসূচি আয়োজনে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসআইসিআইপি ও এডিবিসহ সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানান।
এমটিবি জানায়, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধ তৈরির লক্ষ্য নেয়া হয়েছে। উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়িয়ে প্রাতিষ্ঠানিক অর্থায়নের উপযোগী করে তোলার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে এ উদ্যোগ সহায়ক হবে।