চীনের অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি গত মাসে কমেছে। গতকাল দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে।
শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বরে চীনের আমদানি ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি নেমেছে তিন লাখ টনে। তবে এটি নভেম্বরের ২ লাখ ৮০ হাজার টনের তুলনায় বেশি।
ডিসেম্বরে নিম্নমুখী থাকলেও ২০২৪ সালে চীনের অ্যালুমিনিয়াম আমদানি ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩৭ লাখ ৫০ হাজার টন হয়েছে। উল্লেখ্য, শুল্ক বিভাগের দেয়া তথ্যে প্রাইমারি, অপরিশোধিত ও অ্যালয়েড অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত।
অ্যালুমিনিয়াম তৈরির অন্যতম কাঁচামাল বক্সাইট। ডিসেম্বরে পণ্যটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে। ২০২৪ সালে তা বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। মোট আমদানি দাঁড়িয়েছে ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টনে।