আইএমওর অসাধারণ বীরত্ব পুরস্কারের জন্য মনোনীত ক্যাপ্টেন আসিফ আহমেদ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদকে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ শীর্ষক পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য আন্তর্জাতিক এ পুরস্কার দেয়া হয়। চবক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে কর্ণফুলী চ্যানেলে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত বিপর্যয় অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি ক্যাপ্টেন আসিফ আহমেদ ৫১৫ টন প্রোপেন এবং ৪ হাজার ৫৭০ টন বিউটেন গ্যাস বোঝাই ১৫৯ দশমিক ৯ মিটার দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী ও এলপিজি পরিবাহী জাহাজ গ্যাস হারমোনিকে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর দায়িত্বে ছিলেন। এ সময় হঠাৎই জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায় এবং প্রবল স্রোতের টানে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ সময় জাহাজটি দ্রুতগতিতে পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে।

কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে থাকা অবস্থায় ক্যাপ্টেন আসিফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাৎক্ষণিকভাবে জাহাজটির গতিরোধের জন্য জরুরি ভিত্তিতে নোঙর ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বন্দরের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উদ্ধারকারী টাগ বোটগুলোর সঙ্গে যোগাযোগ করে জাহাজটিকে বিপরীত দিকে টেনে ধরার নির্দেশনা দেন। এ নিখুঁত ও দূরদর্শী কৌশলের ফলে নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি থমকে দাঁড়ায় এবং জেটি কাঠামো থেকে মাত্র ১ দশমিক ২ মিটার দূরত্বে এসে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই থেমে যায়।

ক্যাপ্টেন আসিফের সাধারণ দক্ষতা ও বীরত্বের এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এজন্য গ্যাস হারমোনি জাহাজের ক্যাপ্টেন ও মালিক পক্ষের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক প্রশংসাপত্র পেয়েছেন।

উল্লেখ্য, আইএমও অসাধরণ বীরত্ব পুরস্কার হলো বৈশ্বিক সামুদ্রিক খাতের সর্বোচ্চ সম্মাননা, যা সমুদ্রে নিজের জীবন বাজি রেখে বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অবদান রাখা ব্যক্তিদের দেয়া হয়।

আরও