ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে কফির দাম কিছুটা বেড়েছে। তবে সামনের দিনগুলোয় মূল্য আরো বাড়বে, এমন প্রত্যাশায় কৃষকরা এখনো মজুদ থেকে পণ্য বিক্রি করছেন না। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা বৃহস্পতিবার প্রতি কেজি কফি বিক্রি করেছেন ৯৫ হাজার ৭০০ থেকে ৯৬ হাজার ২০০ ডংয়ে (প্রায় ৩ ডলার ৬৬ সেন্ট থেকে ৩ ডলার ৬৮ সেন্ট)। এটি গত সপ্তাহের ৯১ হাজার ৬০০ থেকে ৯২ হাজার ৫০০ ডংয়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি।
দাক লাক প্রদেশের একজন ব্যবসায়ী এ বিষয়ে বলেন, কৃষকরা আপাতত কফি বিক্রি থেকে বিরত আছেন। কারণ তারা অন্তত প্রতি কেজি কফি ১ লাখ ডং দরে বিক্রির অপেক্ষায় রয়েছেন।
তবে ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় তুলনামূলক কম দামে পাওয়ায় অনেক ক্রেতা সেসব বাজার থেকে কফি সংগ্রহ করছেন। এতে পণ্যটির বিক্রি কিছুটা মন্থর হয়ে পড়েছে।
ওই ব্যবসায়ী আরো বলেন, ভিয়েতনামে কফি সংগ্রহ মৌসুম অক্টোবরে শুরু হবে। ফলে কৃষকরা খুব বেশি দিন মজুদ ধরেও রাখতে পারবেন না।
সম্প্রতি উইফা নামের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে বন্যা দেখা দিলেও ভিয়েতনামের কফি খাতে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং অতিরিক্ত বৃষ্টি গাছের ফলন পর্যায়ে সহায়ক বলে জানিয়েছেন দাক লাকের আরেক ব্যবসায়ী।
অন্যদিকে ইন্দোনেশিয়ায় কফি সংগ্রহ চলছে। সুমাত্রা অঞ্চলের সেপ্টেম্বর-অক্টোবর চুক্তির রোবাস্তা কফি বেচাকেনায় মূল্য সংযোজনের পরিমাণ ছিল টনপ্রতি ১৬০ ডলার, যা আগের সপ্তাহে আগস্ট-সেপ্টেম্বর চুক্তিতে ছিল ১৫০ ডলার।