অভ্যন্তরীণ কার্যক্রম স্বয়ংক্রিয় করতে প্রযুক্তি খাতের স্টার্টআপ অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ করছে গোল্ডম্যান স্যাকস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এজেন্ট তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ওয়াল স্ট্রিটের ব্যাংকটি। প্রতিষ্ঠানটির চিফ ইনফরমেশন অফিসার মার্কো আর্জেন্টি জানান, ছয় মাস ধরে তারা অ্যানথ্রোপিকের প্রকৌশলীদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। মূলত ব্যবসায়িক লেনদেনের হিসাব এবং গ্রাহক যাচাইকরণের মতো কাজগুলো এ এআই এজেন্টের মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনায় সময় অনেক কম লাগবে। প্রযুক্তিটি শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। খবর সিএনবিসি