আমদানি বাড়ায় সাতক্ষীরায় নিম্নমুখী হয়েছে আদার দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আদা আমদানি বেড়েছে ২৪ হাজার ৭৪৮ টন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আদা আমদানি বেড়েছে ২৪ হাজার ৭৪৮ টন। আমদানি বাড়ায় এ অঞ্চলে নিম্নমুখী হয়েছে মসলাপণ্যটির দাম। গতকাল সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য জানা গেছে।

সরজমিনে দেখা গেছে, এক-দেড় মাসের ব্যবধানে সাতক্ষীরায় আদার দাম কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি আদা খুচরায় ৮০ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে। এক-দেড় মাস আগেও এ প্রতিষ্ঠানে খুচরা ও পাইকারিতে আদা যথাক্রমে ১৪০-১৫০ ও ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৫৬ হাজার ৫৩২ টন, যার মূল্য ছিল ৬৭১ কোটি ৫৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ৩৪৭ কোটি ৭২ লাখ টাকা মূল্যের ৩১ হাজার ৭৮৪ টন আদা আমদানি হয়।

ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান বণিক বার্তাকে জানান, তার প্রতিষ্ঠানে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আদা আমদানি বেড়েছে অন্তত ৫০ শতাংশ। সম্প্রতি ভারতের বাজারে আদার দাম কমে যাওয়ায় আমদানি বেড়েছে। ফলে দেশের মসলা বাজারেও পণ্যটির দাম কমে এসেছে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘সাতক্ষীরায় আদার পাশাপাশি অন্যান্য মসলার দামও কমেছে। যদিও রসুনের দাম এখনো ঊর্ধ্বমুখী আছে। তাই জেলা প্রশাসকের নেতৃত্বে বাজার মনিটরিং অব্যাহত আছে।’

আরও