ভারতে এক মাসের সর্বোচ্চে চালের মূল্য

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপির বিনিময় হার বাড়ার প্রভাব সমন্বয় করতে ভারতের ব্যবসায়ীরা এ সময় খাদ্যশস্যটির রফতানি মূল্য বাড়িয়েছেন।

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপির বিনিময় হার বাড়ার প্রভাব সমন্বয় করতে ভারতের ব্যবসায়ীরা এ সময় খাদ্যশস্যটির রফতানি মূল্য বাড়িয়েছেন। তবে এর আগের সপ্তাহে নিম্নমুখী চাহিদা ও স্থানীয় মুদ্রার ওঠানামার প্রভাবে থাইল্যান্ড ও ভিয়েতনামে কিছুটা কমেছে চালের দাম। খবর বিজনেস রেকর্ডার।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল বিক্রি হয়েছে টনপ্রতি ৩৫০-৩৫৭ ডলারে, আগের সপ্তাহে যা ছিল টনে ৩৪৮-৩৫৬ ডলার। ভারতে চালের এ রফতানি মূল্য গত ২০ নভেম্বরের পর সর্বোচ্চ। একই সময় দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৪৭-৩৫২ ডলার।

অন্যদিকে থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দর কমে টনপ্রতি ৪১০ ডলারে নেমেছে, আগের সপ্তাহে যা ছিল ৪১৫ ডলার।

ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘বছর শেষে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকলেও চাহিদা তুলনামূলক কম। তবে কিছু রফতানিকারক ২০২৬ সালের শুরুতে ফিলিপাইনের মতো বাজারে নতুন চুক্তির সম্ভাবনা দেখছেন।’

ভিয়েতনামেও চালের দাম কমেছে। গত বুধবার দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলার, যা গত ২৭ নভেম্বরের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চালের দাম ছিল ৩৭০-৩৭৫ ডলার।

এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দেশটির পর্যাপ্ত মজুদের কথা উল্লেখ করে চাল আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তবে ব্যবসায়ীরা মনে করছেন, চলতি বছর ভিয়েতনাম থেকে ইন্দোনেশিয়ায় চাল রফতানি খুবই সীমিত থাকায় এ সিদ্ধান্তের প্রভাব বাজারে তেমন বড় হবে না।

আরও