এপ্রিল-জুন প্রান্তিক

এআই পণ্যের বাড়তি চাহিদায় ফক্সকনের মুনাফা বেড়েছে ৩৫%

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের শক্তিশালী চাহিদার ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফক্সকনের মুনাফা ৩৫ শতাংশ বেড়েছে।

বিশ্বজুড়ে এআই সার্ভার ও চিপের চাহিদা বাড়ায় প্রযুক্তি বাজারের বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাপিয়ে গেছে অ্যাপলের শীর্ষ এ আইফোন সংযোজনকারী প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন। আনুষ্ঠানিকভাবে ‘হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত এ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন প্রান্তিকে ফক্সকনের নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৭ কোটি তাইওয়ানিজ ডলারে (প্রায় ১৮৬ কোটি ডলার)। গত বছরের একই সময় প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৪ হাজার ৪৪০ কোটি তাইওয়ানিজ ডলার। বৈশ্বিক আর্থিক বাজার বিশ্লেষক সংস্থা এলএসইজির গত প্রান্তিকে ফক্সকনের মুনাফা ৫ হাজার ৮৮০ কোটি তাইওয়ানিজ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

ফক্সকন মূলত চিপ নির্মাতা এনভিডিয়ার সবচেয়ে বড় সার্ভার প্রস্তুতকারক ও অ্যাপলের আইফোনের প্রধান সংযোজনকারী। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের বাকি সময়জুড়েই এআই পণ্যের শক্তিশালী চাহিদা বজায় থাকবে এবং এটিই কোম্পানির রাজস্ব বাড়ার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে কোনো নির্দিষ্ট আর্থিক লক্ষ্যমাত্রার সংখ্যা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এর আগে জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে ফক্সকন জানায়, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আয় বেড়েছে ৪০ শতাংশ।

উৎপাদন ব্যবস্থা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের জন্য ফক্সকন যে আইফোন তৈরি করে, তার বড় একটি অংশ চীনে সংযোজিত হয়। তবে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য বেশির ভাগ আইফোন এখন ভারতে তৈরি হচ্ছে। পাশাপাশি এনভিডিয়ার এআই সার্ভার তৈরিতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন কারখানা নির্মাণ করছে ফক্সকন। এআই পণ্যের পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শেয়ারবাজারের তথ্যে দেখা গেছে, চলতি বছর ফক্সকনের শেয়ারদর ১৭ শতাংশ বেড়েছে। তবে তাইওয়ানের সার্বিক শেয়ারবাজারের সূচকের ৫৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি কিছুটা পিছিয়ে রয়েছে। গতকাল আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আগেই তাইওয়ান শেয়ারবাজারে ফক্সকনের শেয়ারদর ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।

আরও