মুনাফা ও বিক্রি বেড়েছে হার্শির

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চকোলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্শি পূর্বাভাসের চেয়ে বেশি বিক্রি ও মুনাফা অর্জনের কথা জানিয়েছে।

চল‌তি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পণ্যের দাম বাড়ানো এবং চাহিদা বেশি থাকায় এ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কাঁচামালের চড়া দাম সত্ত্বেও চকোলেট ও স্ন্যাকস ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুযায়ী, ২৮ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট নিট বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে তাদের আয় ২৭৯ কোটি ডলারে পৌঁছেছে, যা বাজার বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি। এ সময় প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ১ ডলার ৯০ সেন্ট মুনাফা করেছে। এটি প্রত্যাশিত ১ ডলার ৪২ সেন্টের চেয়ে অনেক বেশি।

গবেষণা প্রতিষ্ঠান আরবিসির বিশ্লেষক নিক মোদি জানিয়েছেন, চকোলেটের কাঁচামাল কোকোর বাজারদর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ঠিক এ মুহূর্তে পণ্যের সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে হার্শি বর্তমান পরিস্থিতি সফলভাবে সামাল দিচ্ছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যাডবেরির মূল প্রতিষ্ঠান মনডেলিজও প্রত্যাশার চেয়ে ভালো আয়ের খবর দিয়েছে।

বিশ্ববাজারে কাঁচা কোকোর বাড়তি দামের কারণে গত এক বছরে ধারাবাহিকভাবে ১২ শতাংশ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়েছে হার্শি। ফলে সার্বিক বিক্রির পরিমাণ ৮ শতাংশ কমলেও বাড়তি দামের কারণে তাদের মূল আয় বেড়েছে।

হার্শির মূল ব্যবসা ‘নর্থ আমেরিকা কনফেকশনারি’ খাতের বিক্রি বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে নর্থ আমেরিকা সল্টি স্ন্যাকস বিভাগের বিক্রি বেড়েছে প্রায় ২২ দশমিক ৯ শতাংশ। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ক ট্যানার জানান, যুক্তরাষ্ট্রে বাজারে গ্রাহকরা এখন বেশ সতর্কতার সঙ্গে কেনাকাটা করছেন। তবু বছর শেষে বিক্রি ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরও